ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

ময়মনসিংহে ঘরের মেঝেতে জমে থাকা পানিতে পড়ে ৮ মাস বয়সি আয়াস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শিশু আয়াস তার মায়ের সঙ্গে খাটে শুয়েছিল। কোনো এক সময় সে খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়।

এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত আট মাস বয়সি শিশু আয়াস নগরীর ব্রাহ্মপল্লী এলাকার আবির মিয়ার ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টানা সাড়ে আট ঘণ্টার ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ভোর রাত থেকে বৃষ্টির পানি জমে প্রধান সড়ক, হাসপাতাল, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার অনেক অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

নগরীর সানকিপাড়া, আকুয়া, গোলকিবাড়ী, বলাশপুর, চরপাড়া, খাগডহর, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জেলা স্কুল মোড়, কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। অনেকের বসত ঘরে পানি উঠায় বেড়েছে ভোগান্তি। অনেক স্থানে ড্রেন উপচে নোংরা পানি সড়কে উঠে আসায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অতীতেও একই ধরনের বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতার পুনরাবৃত্তি হয়েছে।

মৃত শিশুর মামি রুমানা আক্তার বলেন, সারারাত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে আবিরের ঘরের মেঝেতে পানি ওঠে। ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল। হঠাৎ শিশু আয়াস গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে এনে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এসআই মো. সুজাউদ্দিন বলেন, শিশুটিকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175474