এক দলকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ দিতে ছাত্র-জনতা রক্ত দেয়নি: নাহিদ ইসলাম

এক দলকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ দিতে ছাত্র-জনতা রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমরা পরিবর্তনের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের সুযোগ করে দিতে বাংলাদেশে ছাত্র-জনতা রক্ত দেয়নি।
 
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকালে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা ভয় পাবেন না। বিগত সময়ে একটি দলের শাসনে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। কথা বললেই জেলে নেয়া হতো, গুম করা হতো এবং হয়রানির শিকার হতে হতো। এখন আবার বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেয়ার চেষ্টা চলছে।
 
তিনি অভিযোগ করেন, সংসদে ও সংসদের বাইরে তাদের কথা বলতে দেয়া হচ্ছে না। হামলা ও ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কার্যক্রম সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
 
আওয়ামী লীগ ও প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘নিরপরাধ ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি, লুটপাট ও হামলা বন্ধ করতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু গত চার মাসে তারা উল্লেখযোগ্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। এবারের বাজেটেও কর্মসংস্থান তৈরির কোনো সুস্পষ্ট রূপরেখা নেই।’
 
বক্তব্যে তিনি জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব, লোডশেডিং, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা এবং ভারতের পুশইন ইস্যুতে সরকারের সমালোচনা করেন।
 
পুলিশ ও প্রশাসনের উদ্দেশে তিনি দলীয় আনুগত্য পরিহার করে পেশাগত নিরপেক্ষতা ও মর্যাদা রক্ষার আহ্বান জানান।
 
নাহিদ ইসলাম বলেন, ‘গত রাতে সাভারে জুলাই পদযাত্রায় ককটেল হামলা চালিয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করা হয়েছে।’ একই সঙ্গে সখীপুরে পদযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান।
 
একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পুশইন সংক্রান্ত বক্তব্য ও কার্যক্রমকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন।
 
এ সময় এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হায়দারসহ সখীপুর উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সখিপুরের পথসভা শেষে টাঙ্গাইল শহরের পদযাত্রা ও পথসভায় অংশ নেন। এছাড়া আগামীকাল বুধবার জেলার কালিহাতি উপজেলা ও ভুঞাপুর উপজেলায় একই কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175369