বগুড়া বিশ্ববিদ্যালয় বিল সংসদে উত্থাপন

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল সংসদে উত্থাপন

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল- ২০২৬ জাতীয় সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে তিনি এই বিল উত্থাপন করেন। মন্ত্রী বলেন, ‌‌‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল আইন ২০০১ রহিতক্রমে উহার বিধানবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নকল্পে আনীত একটি বিল উত্থাপন করা হলো।’

শিক্ষামন্ত্রী বলেন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ গত ২০০১ সালের ১৫ জুলাই গেজেট আকারে প্রকাশ হলেও তা কার্যকর করা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালু প্রক্রিয়াধীন রয়েছে। বাস্তবতান নিরীখে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরিবর্তন করে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞান ইত্যাদিসহ জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, জ্ঞান চর্চা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬- এর খসড়া প্রণয়ন করা হয়েছে। আগের আইনের অধিকাংশ ধারা (প্রায় ৯৫ শতাংশ) সংশোধনের প্রস্তাব করায় বিদ্যমান আইনটি সংশোধনের পরিবর্তে পুনঃপ্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্বলিত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে বগুড়া তথা সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা ও কারিগরি জ্ঞান-দক্ষতা অর্জনের সুযোগ পাবে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতীব প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175360