ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে শরজীদ শাহ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়ে সাত রশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরজীদ শাহ ওই গ্রামের মৃত মধুসুদন শাহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শরজীদ শাহ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির গোসলখানার টিনের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে তার স্ত্রী শশী রান্নার কাজে গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে আত্মচিৎকারে পরিবারের সদস্য ও নিহতের ভাই রাজীব কুমার শাহ এগিয়ে এসে তাকে উদ্ধার করে আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানার এসআই (নি.) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।