দিনাজপুরে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত স্বামী গ্রেফতার
ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের (মাটি খোড়া খনতি) আঘাতে কুলসুম আক্তার মিমি(৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় স্বামী মানিক হোসেনকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। নিহত কুলসুম আক্তার মিমি ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে এবং গ্রেফতারকৃত মানিক হোসেন পূর্ব গৌরীপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মিমির বাবার বাড়িতে তার স্বামী মানিক হোসেন বিয়ের পর থেকেই ঘর জামাই থাকেন।
সংসার জীবনে তাদের তিনটি ছেলে সন্তান রয়েছে। মানিক কোন কাজ কর্ম না করায় প্রায় তার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গতকাল সোমবার দিনগত রাতে মিমি ও স্বামী মানিক হোসেনের মধ্যে আবারও তর্ক-বিতর্ক হয়। এরই জেরে ভোরে শাবল দিয়ে মাথায় আঘাত করে মাথা থেতলে দেয় এবং বুকে লোহার সাবলের পিছনের অংশ দিয়ে আঘাত করে।
এতে সাথে সাথে মারা যান মিমি। এসময় সন্তানদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মানিককে ধরে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারসহ মানিককে আটক করে থানায় নিয়ে যায়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী মানিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত কুলসুম আক্তার মিমি’র মা মেহেরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175339