পাকিস্তানে চেকপোস্টে হামলায় ৯ পুলিশ নিহত, অপহৃত ৫

পাকিস্তানে চেকপোস্টে হামলায় ৯ পুলিশ নিহত, অপহৃত ৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলার একটি পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা এবং ৫ জনকে অপহরণ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির (বিএএলএ) যোদ্ধারা। গতকাল সোমবার সন্ধ্যার পরে ঘটেছে এই ঘটনা।

জিয়ারাত শহরের পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি) আবদুল কুদুস পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে বলেছেন, সোমবার সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা চালায় বিএলএ যোদ্ধারা। সেসময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ পুলিশ নিহত হন এবং ৫ পুলিশ সদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়।

আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সম্প্রতি সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী টিটিপি এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির সঙ্গে ঘন ঘন সংঘাত হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাতে এক বিস্ফোরণে নিহত হয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ১৪ জন সদস্য ও কর্মকর্তা। তারপর গত ২৫ জুন বেলুচিস্তানে খারান এবং মাসটাং জেলায় সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে নিহত হন বিএলএর ৮ জন যোদ্ধা। ধারণা করা হচ্ছে, ২৫ জুনের অভিযানের বদলা নিতে সোমবার থানায় হামলার ঘটনা ঘটেছে। সূত্র : জিও নিউজ

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175290