মুহুর্মুহু আক্রমণের পরও প্রথমার্ধ গোলশূন্য স্পেন-পর্তুগাল ম্যাচ

মুহুর্মুহু আক্রমণের পরও প্রথমার্ধ গোলশূন্য স্পেন-পর্তুগাল ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শেষ ষোলোর সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে প্রথমার্ধে গোল না হলেও উত্তেজনার কোনো কমতি ছিল না। ডালাসে অনুষ্ঠিত স্পেন-পর্তুগাল মহারণের প্রথম ৪৫ মিনিটে দুই দলই একের পর এক আক্রমণ চালিয়েছে, তবে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই ইউরোপীয় পরাশক্তি। ম্যাচের প্রথম ১২ মিনিটেই দুই দল মিলে অন ও অফ টার্গেটে সাতটি শট নেয়, যা ম্যাচের তীব্রতা স্পষ্ট করে।

ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় স্পেন। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মিকেল ওইয়ারজাবাল। সামনে শুধু গোলরক্ষক দিয়েগো কস্তা থাকলেও তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য রক্ষা পায় পর্তুগাল।

এরপরই পাল্টা আক্রমণে যায় পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোর শক্তিশালী শট দারুণ দক্ষতায় কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। তিন মিনিট পর আবারও অসাধারণ দুটি সেভ করে দলকে বিপদমুক্ত করেন পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তা।

৩৮তম মিনিটে দারুণ দলগত আক্রমণ গড়ে তোলে পর্তুগাল। ডান দিক থেকে আসা ক্রসে জোয়াও ফেলিক্সের হেড ঠেকিয়ে দেন উনাই সিমন। ফিরতি বলে রোনালদো দ্রুত শট নেওয়ার চেষ্টা করলেও স্প্যানিশ গোলরক্ষক ক্ষিপ্রতায় বল তালুবন্দী করেন।

প্রথমার্ধের শেষদিকে আরও একবার স্পেনের রক্ষণকে চাপে ফেলে পর্তুগাল। ৪১তম মিনিটে নুনো মেন্দেসের জোরালো শট রক্ষণভাগের বাধায় প্রতিহত হয়।

গোলশূন্য অবস্থায় বিরতিতে গেলেও প্রথমার্ধজুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ফলে দ্বিতীয়ার্ধে গোলের দেখা মিলবে কি না, তা নিয়েই এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175256