সাভারে ককটেল বিস্ফোরণ প্রশাসনের ইন্ধনে ঘটেছে: নাহিদ ইসলাম
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনাকে পরিকল্পিত হামলা দাবি করে এর পেছনে প্রশাসনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাবেশ চলাকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলার মাধ্যমে তাদের কর্মসূচি নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে।
সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ। বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে তিনি মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
ঘটনার পর রাত সোয়া ১০টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, ‘আজকের এই বোমা বিস্ফোরণ স্পষ্টভাবে প্রশাসনের সহায়তায় হয়েছে। সমাবেশ চলাকালে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলো, তার ব্যাখ্যা দিতে হবে। আমাদের খুন করার পরিকল্পনা থেকেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা মনে করি।’
তিনি বলেন, গত আগস্টেও সাভার থেকেই দলের কর্মসূচি শেষ হয়েছিল। এবারও প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলার মাধ্যমে তাদের পদযাত্রা কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জবাবদিহি দাবি করে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত সুরক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সমাবেশের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও জেলা প্রশাসনের কাছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণ জানতে চান। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কী ভূমিকা রেখেছেন, সেটিও প্রশ্ন করেন তিনি।
নাহিদ ইসলাম জানান, হামলায় দলের একাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করে বলেন, বিচার নিশ্চিত না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংসদ সদস্যকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175248