কুড়িগ্রামের ফুলবাড়ীতে লটকনের বাম্পার ফলনে খুশি চাষিরা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে এ বছর লটকনের বাম্পার ফলন হয়েছে। প্রচুর ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় খুশি এখানকার চাষিরা। উৎপাদিত লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলার সরবরাহ হচ্ছে প্রতিদিন। ফুলবাড়ীর বিভিন্ন বাজারে এখন লটকন ৬০-৮০ টাকা কেজি দরে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে।
জানা যায়, ফুলবাড়ীতে লটকন চাষির সংখ্যা দিনে দিনে বাড়ছে। অনেকেই বাণিজ্যিকভাবে চাষ করছেন এ ফল। বিভিন্ন জেলার পাইকাররা এসে কৃষকের কাছ থেকে বাগান কিনে নিচ্ছেন। এতে প্রায় কোনো খরচ ছাড়াই লাভবান হচ্ছেন তারা। পরিচর্যাবিহীন বেড়ে ওঠা এ গাছ থেকে অধিক ফলন আর বাজারে বেশ চাহিদা থাকায় এর জনপ্রিয়তা বাড়ছে চাষিদের মাঝে।
বড়ভিটা গ্রামের কৃষক শৈলেন্দ্র কুমার বলেন, তিনি ১ একর ৪০ শতক জমির সুপারি বাগানের ভিতর ৮০টি লটকন গাছ লাগিয়েছেন। প্রতি বছর দেড় থেকে দুই লাখ টাকার লটকন বিক্রি করেন তিনি। শৈলেন্দ্রর দেখাদেখি শাহজাদা মিয়া ১ বিঘা, বাদল প্রফেসর ২ বিঘা, লক্ষণ মাস্টার ২ বিঘা জমির সুপারি বাগানের ভিতর লটকন গাছ লাগিয়েছেন।
উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন জানান, লটকনের চাষাবাদ বেড়ে গেছে। আবহাওয়া অনুকূল হওয়ায় লটকনের বাম্পার ফলন হয়েছে এ বছর। এটা ছায়াযুক্ত ফল। সুপারির বাগানে, ঝোপ-ঝাড়ে, জঙ্গলে চাষাবাদ করে কৃষকরা। অন্যান্য ফসলের মাঝে এটা উৎপাদন করা সহজ। কিছু রাসায়নিক সার গাছের চারার পাশে পুঁতে দিলে ফলন বেশি হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175246