গাইবান্ধায় শিশু ধর্ষণকারী নোবেল গ্রেফতার

গাইবান্ধায় শিশু ধর্ষণকারী নোবেল গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার শিশু ধর্ষণকারী পলাতক নোবেলকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) এবং র‌্যাব-৪, সিপিসি-১ (মিরপুর-১, ঢাকা)। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নোবেল মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের রহিম মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা জানায়, ভুক্তভোগী শিশুটি পলাশবাড়ীর কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। জীবিকার তাগিদে বাবা-মা ঢাকায় থাকায় সে গ্রামে দাদা-দাদীর সাথে থাকতো। গত ৮ জুন বিকেলে খেলা শেষে বাড়ি ফেরার পথে নোবেল এবং তার সহযোগী তারেক (১৯) শিশুটিকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি অসুস্থ অবস্থায় কোনোভাবে বাড়িতে ফিরে আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীর শিশুর মা গত ১৬ জুন গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এদিকে, র‌্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দারুস সালাম থানাধীন মীরবাড়ী আদি জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক নোবেলকে গ্রেফতার করে। আজ সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্ল¬ব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসাথে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175245