দিনাজপুরের হাকিমপুরে একই রাতে ১০ খড়ের পালায় আগুন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাওনা, ইটাই ও বাশমুড়ি গ্রামে এক রাতে ধারাবাহিকভাবে ১০টি খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় ঘটেছে। জানা যায়, গতকাল রোববার রাত ১১টার দিকে বাওনা গ্রামে প্রথম একটি খড়ের পালায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয়রাসহ হাকিমপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন নেভানোর পর রাত ১টার দিকে আবারও আরেকটি খড়ের পালায় আগুন লাগার ঘটনা ঘটে। পরে রাতের শেষ প্রহরে ইটাই গ্রামে একের পর এক পাঁচটি খড়ের পালায় আগুন লাগানো হয়। ভোর ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান।
এদিকে হাকিমপুর ফায়ার সার্ভিস ইটাই গ্রামের আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় সকালে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের একটি অতিরিক্ত ইউনিট বাওনা গ্রামে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। অগ্নিসংযোগের পাশাপাশি দুর্বৃত্তরা বাওনা কমিউনিটি ক্লিনিকের পানির ট্যাংকির সংযোগ বিচ্ছিন্ন করে ট্যাংকিটি নিচে ফেলে দেয় এবং পানির পাইপলাইন ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন মো. মিজানুর রহমান, মো. সফিউল ইসলাম, মো. জামাতি, মো. সুলতান মাহমুদ, মো. রাজ্জাক, মো. শহিদ, মো. দিলদার হোসেন, মো. রহমত আলী ও মো. মিনহাজুল ইসলাম।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।