বান্দরবানে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কায় নিরাপদে সরে যেতে মাইকিং
টানা বর্ষণে পাহাড়ি জেলা বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং করছে জেলা ও উপজেলা প্রশাসন। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
রবিবার জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
দেশের অন্যান্য এলাকার মতো গত কয়েক দিন ধরে বান্দরবানেও ভারী বৃষ্টিপাত হচ্ছে। অতিবৃষ্টির কারণে জেলা সদরের কালাঘাটা, বালাঘাটা, বনরূপা পাড়া, সিদ্দিক নগরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে পাহাড় থেকে মাটি ধসে সড়কের ওপর পড়ে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে।
পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পাহাড়ের পাদদেশ ও চূড়ায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মাইকিংয়ে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দুপুর ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ভূমিধসের আশঙ্কা থাকায় পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বিকেল ৩টা পর্যন্ত) জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, গত দুই দিন ধরে জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে। জেলার সাত উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকটি সড়কে মাটি ও পাথর ধসে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সহযোগিতায় সড়কগুলো সচল রাখতে কাজ চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175219