টেকনাফে পানির বদলে এসিড পান করানো শিশুর আড়াই মাস পর মৃত্যু

টেকনাফে পানির বদলে এসিড পান করানো শিশুর আড়াই মাস পর মৃত্যু

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পানির বদলে ব্যাটারির এসিডযুক্ত তরল পান করানোর ঘটনায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর সাঈদুল আলম সামী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল বাড়ির পাশের মহিমের চায়ের দোকানে গেলে তৃষ্ণার্ত সামীকে পাশের পানের দোকানে রাখা ব্যাটারির এসিডযুক্ত তরল পান করতে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, পানের দোকানদার কামাল হোসেনের দোকানে রাখা ওই বোতল থেকে তার ভাই কাজল শিশুটিকে পানীয়টি দেন। পান করার পরপরই সামী গুরুতর অসুস্থ হয়ে রক্তবমি শুরু করে।

প্রথমে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে খাদ্যনালীসহ শরীরের বিভিন্ন অংশে একাধিক অস্ত্রোপচার করা হলেও তার অবস্থার উন্নতি হয়নি। দীর্ঘ আড়াই মাস মৃত্যুর সঙ্গে লড়াই শেষে সোমবার সে মারা যায়।

পরিবারের দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা দেওয়া হলেও পরে আর কোনো সহযোগিতা করা হয়নি। শিশুটির চিকিৎসায় প্রায় ৮ লাখ টাকা ব্যয় করতে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনের টমটমটিও বিক্রি করতে হয়েছে।

নিহতের বাবা শামসুল আলম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ব্যাটারির এসিডযুক্ত পানি পান করিয়ে হত্যা করা হয়েছে। চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়েছি। এ ঘটনায় থানায় মামলা করব।

শিশুটির চাচা শাহ আলম বলেন, তৃষ্ণার্ত সামীকে ভুলবশত নয়, অবহেলার কারণে এসিডযুক্ত তরল পানি পান করানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175180