গৃহবধূ শিল্পা হত্যা মামলায় পলাতক বাবা-ছেলে গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলপুরে শিল্পা আক্তার নামে এক গৃহবধূ হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (৪ জুলাই) সুনামগঞ্জের তাহিরপুর থানার বাজাগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে ফুলপুর থানার লাউয়ারী এলাকায় শিল্পা আক্তার নামে এক গৃহবধূকে তার স্বামী ও শ্বশুর হত্যা করেন বলে অভিযোগ উঠে। হত্যাকাণ্ডের পর তারা শিল্পার মরদেহ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের বাবা নায়েব আলী বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যাবের সহায়তায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বাজাগাঁও এলাকা থেকে মামলার দুই আসামি মোফাজ্জল ইসলাম ও আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175152