কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

মফস্বল ডেস্ক: কক্সবাজারে টানা ও ভারী বৃষ্টিতে ভয়াবহ পাহাড়ধস হয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্প ও শহর মিলিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। জামতলী ক্যাম্পে একই পরিবারের তিনজন, কুতুপালং ক্যাম্পে এক শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ চারজন প্রাণ হারান। এছাড়া কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড়ধসে চাপা পড়ে একই পরিবারের ৩ জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় একজনের। উদ্ধার অভিযান পরিচালনা করছে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের কর্মীরা।কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও দু’দিন ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ধসের সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175129