অপরাধীদের অভয়ারণ্য বগুড়া পৌরপার্ক, চাকুসহ গ্রেফতার- ১

অপরাধীদের অভয়ারণ্য বগুড়া পৌরপার্ক, চাকুসহ গ্রেফতার- ১

স্টাফ রিপোর্টার : অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বগুড়া পৌরপার্ক। একাধিক কিাশোর গ্যাং সক্রিয় ওই পার্কে। প্রায়ই কিশোর গ্যাং এর মাদকাসক্ত সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েন পার্কে বেড়াতে আসা প্রেমিক যুগল তরুণ-তরুণী।

ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এই চক্র। শুধু তরুণ-তরুণীই নয়, পার্কে মর্ণিং ওয়াক করতে আসা নানা বয়সী মানুষও তাদের খপ্পরে পড়েন। তাদেরকেও ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন দৈনিক করতোয়াকে বলেন, পৌর পার্কে বেড়াতে আসা লোকজনদের নিরাপত্তা বাড়াতে গ্রীল দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

সেইসাথে সার্বক্ষণিক নজরদারি জন্য বেশ কিছু সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, পার্কে নিরাপত্তার জন্য এখন দুজন গার্ড দায়িত্ব পালন করেন। তবে পার্কে নিরাপত্তা বাড়াতে আরো গার্ড নিয়োগ দেয়া হবে বলেও উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, ওই পার্কে কিশোর গ্যাং এর তৎপরতা বেড়েছে। রাতদিন পার্কে নেশাখোররা আড্ডা দেয় এবং মাদক সেবন করে। সুযোগ পেলেই তারা পার্কে আসা তরুণ-তরুণদের জিম্মি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা না দিলেই বিপদ।

সরাসরি ছুরিকাঘাত করে নিরীহ মানুষজনকে। পার্কে বেড়াতে আসা মানুষের কোন নিরাপত্তা নেই। নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ। এই ধারাবাহিকতায় আজ রোববার (৫ জুলাই) পার্কে এক দম্পত্তিকে জিম্মি করে চাঁদা দাবি করে কিশোর গ্যাং এর সদস্য রাফিন।

আজ রোববার (৫ জুলাই) সকাল  ১০ টার দিকে পৌর পার্কের দক্ষিণ পাশে পুকুর পাড়ের ওয়াকিং ওয়ের কাছে বসে গল্প করছিলেন নিজেদের স্বামী-স্ত্রীর পরিচয় দেয়া আসাদুজ্জামান নূর (২৪) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার নূর।

এসময় রাফিন ও তার সহযোগীদের কবলে পড়েন ওই দম্পতি। কিশোর গ্যাং সদস্য রাফিন এসে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রাফিন আসাদুজ্জামান নূরকে ধরে গ্যাং এর অন্য সদস্যদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি এ সময় যেতে না চাইলে রাফিন তার মাথায় ছুরিকাঘাত করে। পরে এ অবস্থায় আসাদুজ্জামান নূর তার স্ত্রীকে নিয়ে দৌড় দেন।

এক পর্যায়ে তারা পাশেই শহীদ টিটু মিলনায়তনে বগুড়া চেম্বার অব কমার্স ইন্ড্রূাস্ট্রিজ এর নির্বাচন উপলক্ষে নিরাপত্তার দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের কাছে এসে নিরাপত্তা চান। তখন পুলিশ রাফিনকে পৌর পার্ক থেকে একটি চাকুসহ গ্রেফতার করে তাকে সদর থানায় নিয়ে যায়।

এব্যপারে বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, ধৃত রাফিন বগুড়া মহানগরের সুত্রাপুরের বিজয়ের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরা বলেন, বগুড়া পৌর পার্ক থেকে এর আগেও একাধিক বার অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর আরো ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ওই পার্কে আসা  মানুষের নিরাপত্তায় পুলিশের অভিযান চলমান থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175113