ভালো গল্পের অপেক্ষায় মেহজাবীন চৌধুরী

ভালো গল্পের অপেক্ষায় মেহজাবীন চৌধুরী

আনন্দ নগর প্রতিবেদক ঃ বাংলাদেশের অভিনয় অঙ্গনের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার অভিনীত প্রথম দুই সিনেমা ‘প্রিয়মালতী’ ও ‘সাবা’ দিয়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। সিনেমা দুটিতে অভিনয় করে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন তিনি। দুটি সিনেমাতে অভিনয়ের জন্য তিনি বিভিন্ন সংগঠন থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। তবে এরপর তার ভক্তরা ভীষণ অপেক্ষায় আছেন তার পরবর্তী কাজ নিয়ে।

তাহলে কী করছেন মেহজাবীন চৌধুরী? বর্তমানে কী নিয়ে ব্যস্ত তিনি। জানতে চাইলে করতোয়াকে মেহজাবীন চৌধুরী বলেন,‘ আপাতত নতুন কোনো কাজ করছিনা। নতুন কোনো কাজ করলেতো আমি আমার ভক্তদের জানাই। তবে সিনেমা, ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে প্রতিনিয়ত। অবশ্যই ভালোলাগলে নতুন সিনেমা কিংবা ওয়েব ফিল্মে অভিনয় করবো। আর যখন নতুন কোনো কাজে অভিনয় করবো নিশ্চয়ই তা আমার ভক্ত দর্শক জানতে পারবেন। কারণ ভক্ত দর্শকের জন্যই আমি আজকের এই অবস্থানে এসেছি। তাদের ভালোলাগার কথা মাথায় রেখেই আমি ভালো গল্পের বিষয়টা মাথায় রাখি। আর এখন অভিনয় জীবনের এমন একটি অবস্থানে আছি যেখানে আমি আরো ভালো ভালো গল্পের কাজ করার বিষয়ে ভীষণ চুজি।’

মেহজাবীন চৌধুরী আপাতত সংসার জীবন নিয়েও ব্যস্ত থাকেন। এছাড়াও বিভিন্ন শোরুমের উদ্বোধনেও তিনি সময় দেন। পাশাপাশি ভালো ভালো প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপনেও মডেল হিসেবে দেখা যায় তাকে। অভিনয়ে তার মাইলফলক নাটক হচ্ছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। এতে তার বিপরীতে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175106