যে কারণে শুধুই নাটকে অভিনয় করেন হিমি

যে কারণে শুধুই নাটকে অভিনয় করেন হিমি

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি বহু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। তবে অভিনয় জীবনের শুরুতে তিনি রেশমী মিত্র অভিনীত ‘হঠাৎ দেখা’ সিনেমাতে অভিনয় করেছিলেন। এরপর আর তাকে কখনো সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি। অবশ্য এরমধ্যে বেশকিছু সিনেমাতে কাজ করারও প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু হিমি নাটকে অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্ধ্যবোধ করেন। সিনেমাতে অভিনয় করার আগ্রহ তার একেবারেই নেই।

হিমি বলেন, ‘সত্যি বলতে কী আমার নাটকে অভিনয় করতেই খুউব বেশি ভালোলাগে। সিনেমাতে অভিনয় করার জন্য যে গভীর একটা অনুভূতি বা আবেগ বা ভালোবাসা বা আগ্রহ যাই বলিনা কেন সেটা আমার মধ্যে কাজ করেনা। যে কারণে সিনেমাতে কাজ করার ইচ্ছে নেই। এছাড়া আমার কাছে মনে হয় এই মুহুর্তে সিনেমার চেয়ে নাটকের দর্শক অনেক বেশি। এছাড়াও এখনতো আসলে আমাদের দেশে সিনেমা শুধুমাত্র ঈদ কেন্দ্রিক হয়েগেছে। তাও আবার অনেক সেই লেভেলেই সিনেমা হতে হয়। বিরাট বাজেট, সুন্দর গল্প এছাড়াও আরো অনেক কিছুই সংশ্লিষ্ট। তো এতো কিছু ভাবার চেয়ে নাটক নিয়েই আমি বেশ ভালো আছি, দর্শক ভীষণ ভালোবাসেন আমাকে। আমিও তাদের মনের মতো গল্পের নাটক উপহার দিতে পারছি-এটাই একজন অভিনেত্রী হিসেবে আমার অনেক ভালোলাগার।’

এদিকে ইউটিউবে প্রকাশিত পরপর তিনটি নাটকে অভিনয় করে মুগ্ধতা ছড়ালেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক তিনটি হচ্ছে তানভীর তন্ময়ের ‘রূপার সংসার’ ও ‘সুখের অসুখ’ এবং আহসান হাবিব আকিকের ‘ ডিজিটাল হাবলু’।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175099