জয়পুরহাটের কালাইয়ে এলজিইডির ওয়েবসাইটে উপজেলা আ: লীগ সভাপতির ছবি
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) সরকারি ওয়েবসাইটের ফটো গ্যালারিতে এখনো বহাল রয়েছে তৎকালীন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিভিন্ন কর্মসূচীর ছবি।
কালাই উপজেলা এলজিইডির সরকারি ওয়েবসাইটে দেখা গেছে, কনটেন্ট ফটো গ্যালারিতে মাত্র দুটি ছবি রয়েছে। ছবি দুইটি মহান বিজয় দিবস ২০১৪ সালে প্রকাশিত। ছবিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের দেখা যাচ্ছে। ফটো গ্যালারির ওই ছবিগুলো অপরিবর্তিত অবস্থায় আজ রোববার (৫ জুলাই) বিকেল ২টা ৯ মিনিটেও বহাল দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডির এক কর্মচারী জানান, সরকারি ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ, তদারকি ও হালনাগাদের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তর প্রধানের। কনটেন্ট আপডেট হওয়ার পরও যদি এমন ছবি বছরের পর বছর বহাল থাকে, তাহলে তা রাখা ঠিক হয়নি। সরকার পরিবর্তনের সাথে সাথে এগুলোও সরানো উচিত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।
বিগত সরকারের কর্মকান্ডের ছবি এখনও কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) সরকারি ওয়েবসাইটে ভাসছে জানতে চাইলে প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, আসলে দীর্ঘদিন ধরে ওয়েবসাইটের পাসওয়ার্ড ছিল না।
গত সপ্তাহে পাসওয়ার্ড পেয়েছি, ভালমত পুরো ফাইল এখনও দেখতে পারিনি। আজ মাত্র একটি বিজ্ঞপ্তি যুক্ত করেছি। সে কারনে আগের ছবি থাকতেই পারে। ওয়েবসাইটের ছবিগুলো অবশ্যই পরিবর্তন করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175081