বগুড়ার সোনাতলায় প্রতিপক্ষকে ফাঁসাতে ঘরে আগুন
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সোনাতলায় প্রতিপক্ষকে ফাঁসাতে দিন দুপুরে পুলিশের সামনে একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাটি ঘটেছে জোড়গাছা ইউনিয়নের নওদাবগা সরকারপাড়া পূর্বপাড়া এলাকায়।
এলাকাবাসি ও থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার ওই গ্রামের আব্দুল হান্নান ও তার লোকজন প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বাড়ি সংলগ্ন স্থানে একটি পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলার নওদাবগা মৌজায় জমি নিয়ে স্থানীয় হামিদা বেওয়ার সাথে প্রতিবেশী আব্দুল হান্নানের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। স্থানীয় ভাবে বিরোধটি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে জনৈক হামিদা বেওয়া বাদি হয়ে ২০১৬ সালে সোনাতলা সহকারী জজ আদালতে একটি মামলা করেন। ২০২০ সালে ওই মামলার রায়ে হামিদা বেওয়াকে জায়গার মালিক হিসেবে চিহ্নিত করা হয়। তবে রায়ের পর প্রতিপক্ষ আব্দুল হান্নান আদালতে আপিল করেন।
ওই আপিল মামলা ২০২৬ সালে খারিজ হয়ে যায় এবং হামিদা বেওয়ার পক্ষে চূড়ান্ত রায় দেন আদালত। এরপর আদালত ওই জমিতে থাকা স্থাপনা উচ্ছেদ করতে এলে প্রতিপক্ষের লোকজন ওই সময় বেদখল জমি দখলে না দেয়ার কৌশল হিসেবে পুলিশ সদস্যের সামনে একটি ঘরে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবীর হোসেন বলেন, একটি বিরোধপূর্ণ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়ার পূর্বে এ ধরনের একটি ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175060