বগুড়ার শিবগঞ্জে পরীক্ষার্থীদের সাথে প্রতারণা কলেজ কম্পিউটার অপারেটর গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে পরীক্ষার্থীদের সাথে প্রতারণা কলেজ কম্পিউটার অপারেটর গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের ৬ শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েও এইচএসসি'র পরীক্ষার ফরম পুরন না করে শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগে ওই কলেজের খন্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন (২৮)কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শাওন শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের  আব্দুল মান্নান শেখের ছেলে। গতকাল রোববার ভোর ৪ টার দিকে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে পরীক্ষার্থদের কাছ থেকে এইচএসসি  পরীক্ষার ফরম পুরনের জন্য অতিরিক্ত অর্থগ্রহন ও শিক্ষার্থীদের নামে কোন প্রবেশপত্র ইস্যু না হওয়ায় প্রতারণার অভিযোগ এনে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম বাদি হয়ে সাব্বির হোসেন শাওনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

জানা গেছে, নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে না পারা মানবিক বিভাগের ওই সকল শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে ফরম পূরণের আশ্বাস দিয়ে টাকা নিয়ে প্রবেশ পত্র না দিয়ে এক পর্যায়ে মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেন খন্ডকালিন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। ফলে পরীক্ষা শুরুর দিন সকালে প্রবেশপত্র না পেয়ে কলেজের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। এর ফলে প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হন তারা।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের সাথে প্রতারণা করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামলা দায়ের করেন। রোববার ভোর ৪ টার দিকে অভিযান চালিয়ে কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175055