বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শহর প্রতিনিধি (বগুড়া) : ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ রোববার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মহানগরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত এবারের নির্বাচনে দু’টি প্যানেল থেকে সভাপতি পদে ২জন, সহসভাপতি পদে ৪জন এবং পরিচালক পদে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮জন প্রার্থী।

চেম্বার সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৭ সালে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান পাইকার। এরপর ২০০৯ সালে নেতৃত্বে পরিবর্তন আসে। ২০১৩ ও ২০১৭ সালে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই নেতৃত্ব নির্ধারিত হয়। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হয়।


সরেজমিনে সকাল থেকে দেখা যায়, মহানগরের শহীদ টিটু মিলনায়তন সাজানো হয় সম্পূর্ণ ভোটের উৎসবের আবহে। অরুণোদয় গেইট দিয়ে প্রবেশ করে ভোটাররা নির্ধারিত ভোটার পরিচয়পত্র সংগ্রহের বুথ থেকে সই শেষে তাদের পরিচয়পত্র সংগ্রহ করেন। মিলনায়তনের ভেতরে নিরবিচ্ছিন্নভাবে ভোটাধিকার প্রয়োগের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

খোঁজ নিয়ে জানা যায়, দুই প্যানেলের পোলিং এজেন্ট গোলাম রব্বানী ও আমিনুর রহমান সাথে কথা বলে জানা যায়, ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতাংশের হিসাবে তা ৮৬.৩ শতাংশ। তারা আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশে কোন ধরনের জটিলতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। 

এর আগে, ৩ জুলাই (শুক্রবার) সেলিম-এরশাদ প্যানেলের অভিযোগের ভিত্তিতে ভোটার পরিচয়পত্র বিতরণে দায়িত্ব অবহেলার জন্য বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানাকে ভোটের আইডি কার্ড বিতরণ কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে নতুন ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়।

নির্বাচনটিতে তিনজন কর্মকর্তা কমিশনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও আইন-শৃঙ্খলার স্বাভাবিক রাখতে এবং যে কোন পরিস্থিতি মোকাবিলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, ডিবি ও আনসারের ২৫ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। চারটি ভিন্ন বুথ ও আটটি গোপন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এবাবের বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট। ২০১৭ সালে পরিচালক পদে ভোট হয়েছিল এরপর এবারই পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

ভোট দিতে আসা কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোন প্রার্থীই আগে বগুড়া চেম্বার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না, ভোটা গ্রহণ ও ফলাফল ঘোষণার পর বগুড়া চেম্বার অব কমার্স  অ্যান্ড ইন্ডাস্টি পেতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি পরিচালনা পর্ষদ বলে জানিয়েছেন প্যানেল দুইটি থেকে প্রতিদন্দ্বীতাকারী পরিচালক ও ভোটাররা।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল দুইটির মধ্যে হিরু-বাদল পরিষদের সহসভাপতি পদের প্রার্থী হামিদুল হক চৌধুরী হিরু বলেন, নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করছি, আশা করি ভোটারবৃন্দ সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ঘরে ফিরবেন।সেলিম-এরশাদ পরিষদের সভাপতি প্রার্থী সেলিম রেজা বলেন, গতদিন কিছু অনাকাঙ্খিত ও ভুল বোঝাবুঝির বিষয়ের সুন্দর নিষ্পত্তি হয়েছে, সার্বিক নির্বাচনি পরিবেশে আমরা সন্তুষ্ট। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175045