সকালের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

সকালের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে রোববার (৫ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে সংস্থাটির আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175009