র্যাগিংয়ের দায়ে জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা লিখিতভাবে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীনদের ‘ম্যানার শেখানোর’ নামে র্যাগিং করেন। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। ওই ধারায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ বা ক্যাম্পাসের যেকোনো স্থানে টিজিং, র্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে অধ্যাদেশের ৪(১)(খ) ধারা অনুযায়ী অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—সুভাশীষ রায় প্রান্ত, নাছিম উদ্দিন মজুমদার, মো. আবু আবতাহী অনিক, নাঈমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় এবং নাঈম আহমেদ সজিব।
জানা গেছে, গত ৩ জুলাই দিবাগত রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন নবীন শিক্ষার্থীকে ‘ম্যানার শেখানোর’ অজুহাতে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র্যাগিং করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে আটক করে।
পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীরাও লিখিতভাবে র্যাগিংয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/175008