পল্লবীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার

পল্লবীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কথিত শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী মো. মুন্না ওরফে রেড মুন্নাকে (৩৬) গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে পল্লবী থানার সেকশন-১১-এর বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

পল্লবী থানা জানায়, মুন্নার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পল্লবী থানায় মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

এ ঘটনায় পল্লবী থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174999