সরকার সকল শ্রেণি পেশার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর : কাজী রফিক এমপি

সরকার সকল শ্রেণি পেশার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর : কাজী রফিক এমপি

সারিয়াকান্দি প্রতিনিধি (বগুড়া): সংসদ সদস্য আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম বলেছেন, ধনী গরীবসহ সকল প্রকার শেণি পেশার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যেই দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে, সেটি বাস্তবায়নে কাজ চলছে।

হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে, হাসপাতালগুলোকে আধুনিক করে গড়ে তুলতে কাজ চলছে। সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিএনপির একটি নির্বাচনী অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে সারিয়াকান্দি উপজেলার জনসাধারণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন প্রমুখ।

এর আগে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম উপজেলার নারচী ইউনিয়নের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল বিতরণ করেন। একই দিন বিকালে নজরুল বর্ষ উপলক্ষ্যে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ ইকবাল, নারচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174977