যে ৩ ধাপে চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেলের গেজেট

যে ৩ ধাপে চূড়ান্ত হচ্ছে নবম পে-স্কেলের গেজেট

গত ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হলেও এখনো প্রকাশ হয়নি চূড়ান্ত গেজেট। তবে চলতি সপ্তাহেই পে-কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সভায় বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য তিনটি পৃথক সিদ্ধান্ত চূড়ান্ত করে সুপারিশ জমা দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন ও আইনগত ভেটিং শেষে জারি হবে বহুল কাঙ্ক্ষিত গেজেট।

তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের আগের পরিকল্পনা থেকে সরে এসে এখন দুই ধাপে তা সম্পন্ন করতে চায় সচিব কমিটি। সরকারি হিসাবরক্ষণ পদ্ধতিতে জটিলতা এড়াতে প্রথম ধাপে অর্থাৎ চলতি অর্থবছর থেকেই শতভাগ মূল বেতন কার্যকর করা হতে পারে, যার জন্য খরচ হবে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। আর দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী ২০২৭-২৮ অর্থবছরে ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানো হবে।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক জানান, ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় গেজেট প্রকাশে দু-তিন মাস দেরি হলেও বকেয়াসহ টাকা পাওয়ায় সাধারণ কর্মচারীদের কোনো আপত্তি নেই। তবে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ হলে সবার মনে স্বস্তি ফিরবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১০ সদস্যের নতুন ‘প্রশাসনিক পর্যালোচনা কমিটি’ গঠন করা হয়েছে, যা আমলাতান্ত্রিক হিসাবের বাইরে গিয়ে দলীয় ইশতেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতিফলন ঘটিয়ে জুলাইয়ের মাঝামাঝি বা তার পরের সপ্তাহেই চূড়ান্ত গেজেট প্রকাশ করতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174945