বগুড়ার শাজাহানপুরে সাংবাদিক সজিবের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে সাংবাদিক সজিবের ওপর হামলা: স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সজিবুল আলম সজিব (৩৫)।

তিনি গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে আহত সাংবাদিকের স্ত্রী রাজিয়া সুলতানা বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজারে একটি প্রতিষ্ঠানে ডিলার নিয়োগ ও পণ্য বিক্রি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের হামলার শিকার হন সাংবাদিক সজিব। হামলাকারীরা ধারালো অস্ত্র, লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারপিটে গুরুতর জখম করে।

সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামলা দায়েরের পর শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম বাদল (৩৬) কে গ্রেফতার করেছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174943