আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান জুলাই জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে এবং তাদের দাফন হয়েছে দিল্লিতে। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। পলাতক আওয়ামী লীগ নেতারা বিদেশে বসে গণতান্ত্রিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাই আন্দোলনের পর্দার অন্তরালের স্মৃতিচারণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সে সময় তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করে অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হয়েছিলাম।

আন্দোলনের চেতনা ধরে রাখার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। চেতনা বিক্রি ভালো নয় এবং যারা চেতনা নিয়ে ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক উল্লেখ করে অর্থনৈতিক অবস্থা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। তিনি আশ্বস্ত করেন যে সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174940