অফিস উদ্বোধনকে কেন্দ্র করে জলঢাকায় ১৪৪ ধারা জারি
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, আজ শুক্রবার (৩ জুলাই) বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জলঢাকা পৌরসভার আওতাধীন জলঢাকা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এ সময়ের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র, লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সম্ভাব্য সংঘর্ষ এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করে। এরপর থেকে জলঢাকা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক টহল ও নজরদারি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।
অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম জানিয়েছেন, জনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে সকল পক্ষকে আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174867