আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক শেষে মিলল মিউজিক ডিভাইস
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে একটি স্কুটিতে অজ্ঞাত ব্যক্তির লাগিয়ে দেওয়া ডিভাইসকে ঘিরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়, সেটি কোনো বিস্ফোরক নয়; মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের নিচতলার একটি গলিতে ঘটনাটি ঘটে। এসময় পুরো মার্কেট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অজ্ঞাত এক যুবক একটি স্কুটিতে ডিভাইসটি লাগিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর স্কুটির মালিক সেটি দেখতে পেয়ে বোমা সন্দেহে আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে উৎকণ্ঠা দেখা দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি পরীক্ষা করে।
আরএমপির মুখপাত্র উপ-কমিশনার গাজিউর রহমান জানান, ডিভাইসটি কোনো বিস্ফোরক নয়, বরং মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই যুবক এটি স্কুটিতে লাগিয়ে রেখে যান।
তিনি আরও বলেন, জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করা শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174865