আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল
শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল সমর্থন নিয়ে মেতে না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে উচ্ছ্বাস দেখালে চলবে না। এতে জীবনের বাস্তব সমস্যা দূর হবে না। বরং নিজেদের দক্ষতা বাড়িয়ে নতুন উদ্ভাবন, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দিতে হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অন্যের ওপর নির্ভরশীল হতে না হয়।
তিনি বলেন, দেশের তরুণদের এমন কিছু করতে হবে, যা নিজেদের পাশাপাশি অন্য মানুষেরও আয় বাড়াতে সহায়তা করবে। ভালো উদ্যোগ ও ব্যবসার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর প্রশংসা করে মন্ত্রী বলেন, এই উদ্ভাবন দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সৌরশক্তিচালিত এ প্রযুক্তি সেচ ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, কৃষকদের স্বার্থে এ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এমন টেকসই ও দেশীয় উদ্ভাবনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে কম খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। সরকারি সহায়তা পেলে এই প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174834