বাবার জানাজায় থাকবেন না মোজতোবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গুপ্তহত্যার হুমকির মুখে চরম নিরাপত্তা ঝুঁকির কারণে বাবা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আসন্ন জানাজায় উপস্থিত থাকবেন না তার ছেলে মোজতোবা খামেনি। বৃহস্পতিবার (২ জুলাই) ভারতে নিযুক্ত মোজতোবার প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রথম দিনেই বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
আলী খামেনির এই আসন্ন রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি সম্পন্ন করার মাঝেই ইরানকে লক্ষ্য করে যে কোনো ধরণের হামলা চালানোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন এক ইরানি সামরিক কমান্ডার।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আব্দুল্লাহি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সরকারকে (ইসরায়েল) সতর্ক করছি যেন তারা কোনো ধরণের ভুল হিসাব-নিকাশ করা থেকে বিরত থাকে। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো ধরণের হুমকি বা আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, তা নিয়ে তাদের ভাবা উচিত।
এদিকে, প্রয়াত এই নেতার দাফন অনুষ্ঠানটি আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম সর্বজনীন জানাজা হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। এই আয়োজনের বিশালতা ও আকার ১৯৮৯ সালে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজাকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় ১ কোটি মানুষের সমাগম ঘটেছিল।
সূত্র: আল-জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174827