কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ, আটক

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে সাড়ে তিন লাখ টাকা মূল্য মানের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুনের সার্বিক তত্ত্বাবধানে এস.আই আলিউল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে সোহাগ মণ্ডলের(২১) কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে তাকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, জব্দ করা ডিসপ্লে গুলো ভারত থেকে অবৈধভাবে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে সেগুলো পাচার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, আটক ব্যক্তিও এ ঘটনায় জড়িত, অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174816