শিবচরে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ দুজন নিহত, আহত দুই

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ দুজন নিহত, আহত দুই

মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় এক নারী ও এক শিশুসহ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ শুক্রবার (৩ জুলাই)দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (নীলপরী) (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। সম্পর্কে তারা চাচি-ভাতিজি।

আহতরা হলেন একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানচালক লিটন মিয়া (৩০)। তিনি উপজেলার যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর ছেলে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিথী আক্তার পরিবারের সদস্যদের নিয়ে কুতুবপুর ইউনিয়নে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি থেকে রওনা হন। পথে দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকার নদীপাড়ে পৌঁছালে তাদের বহনকারী একটি ভ্যান উল্টে যায়। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থাকা ভ্যানের যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিথী আক্তার ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ভ্যানচালক লিটন মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ বলেন, হাসপাতালে চারজন আহতকে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174800