শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন: সেলিম

শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন: সেলিম

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কেউ পরিবার নিয়ে ভোট দিতে আসছেন, কেউবা আসছেন একাই।

নিজের ভোট প্রদান শেষে গণমাধ্যমকে অভিনেতা শহীদুজ্জামান সেলিম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। অভিনেতার ভাষ্য, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। এই মুহূর্তে ভোটারের উপস্থিতি কিছুটা কম। তবে জুমার নামাজের পর আরও বেশি ভোটার কেন্দ্রে আসবেন বলে আশা করছি।

শিল্পী সমিতিতে কেমন নেতৃত্ব চান জানতে চাইলে সেলিম বলেন, ‘এই মুহূর্তে শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব খুবই প্রয়োজন। আমাদের চলচ্চিত্র শিল্প আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এই সময়ে এমন একটি নেতৃত্ব দরকার, যারা শিল্পীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আগের কমিটিও শিল্পীদের জন্য বিভিন্নভাবে কাজ করেছে। আমি আশা করছি, নতুন যারা দায়িত্বে আসবেন, তারা আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। বিশেষ করে সরকারের সঙ্গে সমন্বয় করে অসহায় ও সংকটাপন্ন শিল্পীদের পাশে দাঁড়াবেন, তাদের কল্যাণে বাস্তবধর্মী উদ্যোগ নেবেন এবং চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবেন।’

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭৩ জন। সকাল থেকে বিএফডিসি প্রাঙ্গণে ভোটার, প্রার্থী এবং তাঁদের সমর্থকদের আনাগোনায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এফডিসি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিল্পী সমিতির নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুটি প্রধান জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে একটি প্যানেলে সভাপতি পদে লড়ছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে, তাঁদের প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী ভাগ্য পরীক্ষায় নেমেছেন। পাশাপাশি সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174796