বিএফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন

বিএফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
 
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় ভোটগ্রহণ কথা থাকলেও সাড়ে ৯টা থেকে ভোট কাউন্ট শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই সময়ের মধ্যে বেলা ১টা থেকে থাকবে এক ঘণ্টা নামাজের বিরতি।
 
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
 
চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে এফডিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে প্রাঙ্গণ।
 
এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে নূতন ও ইলিয়াস কোবরা, সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কমল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। তাদের প্যানেলে সহ-সভাপতি পদে রোজিনা ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ নির্বাচন করছেন।
 
এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।
 
অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174787