জীবননগরে ২৩১ বোতল ভারতীয় এস্কাফ জব্দ, আটক ২
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আবু জাফর, এসআই শাহিন আলমসহ থানার একটি বিশেষ দল অংশ নেয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করা হয়। আটক দুজন হলেন উপজেলার আন্দুলবাড়িয়া মীরপাড়ার নুরুল ইসলাম (২৫) ও খাদিজা বেগম (৫০)।
ওসি সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ উদ্ধার এবং দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হবে।