ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর সদর দফতরে বোমা হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশ ও বোম্ব স্কোয়াড পুরো কার্যালয় চত্বরে তল্লাশি চালালেও কোনো বিস্ফোরক উদ্ধার হয়নি। হুমকির উৎস শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণনের কার্যালয়ে হুমকিমূলক ই-মেইলটি পাঠানো হয়। বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও বোম্ব স্কোয়াডের সদস্যরা বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর সদর দফতরে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং পুরো এলাকায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালান।
তবে তল্লাশি শেষে কোনো ধরনের বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ই-মেইলটি কে পাঠিয়েছে এবং এর উদ্দেশ্য কী ছিল, তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় একাধিক তদন্তকারী দল কাজ করছে। পাশাপাশি ই-মেইলটি দেশের বাইরে থেকে পাঠানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ধরনের ঘটনা ভারতে নতুন নয়। গত বছরও দিল্লির ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল স্কুল এবং সর্বোদয় বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছিল। পরে সেসব ক্ষেত্রেও তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি।
ইসরোর সদর দফতরে পাঠানো সর্বশেষ হুমকির ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174775