আমরা রোনালদোর জন্য চ্যাম্পিয়ন হতে চাই : ভিতিনহা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। রাউন্ড অব ৩২-এর এই ম্যাচটি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচও হতে পারে। তবে এমন সম্ভাবনা সামনে থাকলেও ম্যাচের আগে বেশ নির্ভার মেজাজেই দেখা গেছে পর্তুগিজ অধিনায়ককে। টরন্টোতে পৌঁছানোর পর প্রবাসী সমর্থকদের উচ্ছ্বাসেও ভেসেছে পুরো পর্তুগাল দল।
টরন্টো শহরে বিপুলসংখ্যক পর্তুগিজ ও ক্রোয়েশিয়ান প্রবাসীর বসবাস। তবে ক্রোয়াট সমর্থকদের ছাপিয়ে হাজার হাজার পর্তুগিজ প্রবাসী নিজেদের জাতীয় দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। সব আলো অবশ্য কাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে বিশ্বকাপে শেষবারের মতো খেলতে দেখতে চান না—এমন আবেগই ছিল সমর্থকদের কণ্ঠে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহা। তিনি বলেন, ‘জয়ের জন্য আমাদের উচ্চাকাঙ্ক্ষী হওয়ার অনেক কারণ রয়েছে।’
লুইস এনরিকের অধীনে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমরা শুধু বিশ্বকাপ বলেই জিততে চাই না। ব্যক্তি ও দল—দুই দিক থেকেই আমরা জিততে চাই এবং পরের রাউন্ডে উঠতে চাই। পুরো দেশের জন্য, আমাদের বাবা-মা, পরিবার, বন্ধুদের জন্য, জোতার জন্য এবং অবশ্যই ক্রিশ্চিয়ানোর জন্যও।’
তিনি আরও বলেন, ‘আমরা সত্যিই পরের ধাপে যেতে চাই। তবে সেটির যোগ্যতা আমাদের মাঠে প্রমাণ করতে হবে। আমি মনে করি, আমরা যদি ভালো ফুটবল খেলতে পারি, তাহলে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা আরও বাড়বে। তাই আমাদের খেলায় আরও এক ধাপ এগোতে হবে এবং দলগতভাবে আরও ভালো পারফর্ম করতে হবে। সেটা করতে পারলে আমরা অবশ্যই এগিয়ে যাওয়ার আরও কাছাকাছি থাকব।’
ভিতিনহা স্বীকার করেন, গ্রুপ পর্বের পারফরম্যান্সের তুলনায় ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালকে আরও উন্নত ফুটবল খেলতে হবে।
এদিকে বৃহস্পতিবারের অনুশীলনে রোনালদোকে হাসিখুশি মেজাজেই দেখা গেছে। ৪১ বছর বয়সী এই তারকা যেন ভাবতেই চান না, সামনের ম্যাচটিই হতে পারে তার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ অধ্যায়। বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণের এটিই হতে পারে তার শেষ সুযোগ।
অনুশীলন মাঠের বাইরে জড়ো হওয়া উচ্ছ্বসিত পর্তুগিজ সমর্থকদের শুভেচ্ছার জবাবও দেন রোনালদো। একপর্যায়ে বাম বুকে হাত রেখে সমর্থকদের উদ্দেশে ইঙ্গিত দেন, হৃদয় উজাড় করেই মাঠে লড়বে পর্তুগাল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174771