এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারলনা বগুড়ার মহাস্থান কলেজের ১০ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার ও শিবগঞ্জ প্রতিনিধি : বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ১০ শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। কলেজের অফিস সহকারী (কম্পিউটার অপারেটর) সাব্বির হোসেন শাওন ফরম পূরণের টাকা নিয়েও জমা না করায় ওই ১০ শিক্ষার্থীর পরীক্ষার প্রবেশপত্র ইস্যু হয়নি। ফলে ২ জুলাই থেকে শুরু হওয়া পরীক্ষায় অংশ নিতে না পেরে ওই শিক্ষার্থী ও তাদের স্বজনরা কলেজে এসে ক্ষোভ প্রকাশ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, প্রায় দুই মাস আগে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত টাকার বিনিময়ে তাদের ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন।
এ সময় তিনি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে আদায় করেন। গত ২৪ জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে জানানো হয়, দেরিতে ফরম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন পেতে কিছুটা সময় লাগবে। বুধবার বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করেও তারা প্রবেশপত্র পাননি। পরে বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড না থাকায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
মো. হাসর নামে এক শিক্ষার্থী জানায়, সে কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে ফরম ফিলাপের জন্য ৪ হাজার টাকা দিয়েছিলো। ২৪ জুন থেকে সব পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়। হাসর ওইদিন সাব্বিরের প্রবেশপত্রের জন্য যেগাযোগ করলে সে বলে তোমার টাকা দেরিতে দেওয়া হয়েছে, এজন্য তোমার প্রবেশপত্র পেতে একটু দেরি হবে। ২৮ তারিখে আমি রাজশাহী থেকে তোমার প্রবেশপত্র এনে দেবো।
তারপর থেকে তাকে আর মোবাইলেও পাওয়া যাচ্ছে না। একই কথা বলেন আরেক ভুক্তভোগী সম্রাট সরকার। সেও কম্পিউটার অপারেটর সাব্বির হোসনকে সাড়ে ৫ হাজার টাকা দিয়েছিলো। শিক্ষার্থীদের অভিযোগ, বুধবার থেকে অভিযুক্ত কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেন তারা। কলেজ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও এক কর্মচারীর প্রতারণার কারণে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে তাদের অভিযোগ।
সাব্বির হোসেন শাওনের বাড়ি শিবগঞ্জের বানাইলে। গতবছর আগস্ট মাসে এখানে খন্ডকালিন কম্পিউটার অপারেটর হিসেবে জয়েন করেন।
উল্লেখ্য, এ বছর মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজ থেকে তিন বিভাগে মোট ৬০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ২ জন পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ার অভিযোগ করেছে। যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সাব্বির হোসেন শাওন নামে সেই কর্মচারী তাদের নিয়মিত কর্মচারী নন। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174750