দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বরাতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি দোকানদার মিজানুর রহমানের ছেলে। মৃত মারুফ স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতাভোগী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মারুফের বাবা বাড়ির পেছনে কিছু চারাগাছ রোপণ করেছিলেন। আজ সকালে মারুফ সবার অগোচরে একটি বদনা নিয়ে বাড়ির পেছনের ডোবা থেকে পানি তুলে চারাগাছগুলোতে দিতে যায়। পানি নিয়ে আসার সময় অসতর্কতাবশত পা পিছলে সে ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সকাল আনুমানিক ৯টায় ডোবার পানিতে তাকে উপুড় হয়ে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাড়িতে এনে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি কিশোরটিকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বরাতিপুর গ্রামে ডোবার পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর লিখিত আবেদন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174679