হল সংসদ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদলের, শাস্তির দাবিতে লিখিত অভিযোগ

হল সংসদ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদলের, শাস্তির দাবিতে লিখিত অভিযোগ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল সংসদের চার নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছে সংগঠনটি।

অভিযুক্তরা হলেন কবি জসীমউদ্দীন হল সংসদের ভিপি মুহাম্মদ ওসমান গণি, জিএস মাসুম বিল্লাহ, এজিএস হিজবুল্লাহ আল হিজুল এবং সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কবি জসীমউদ্দীন হলের খেলার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা দাবি করেন, হল সংসদের কয়েকজন নেতা বারবার স্ক্রিন অপারেটর ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্টাফদের কাছে অর্থ দাবি করেন। দাবি করা অর্থ না দিলে চলমান খেলা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা। ছাত্রদলের নেতাদের ভাষ্য, গত ২২ জুন রাতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কয়েকজন স্টাফকে জোরপূর্বক তুলে নিয়ে বেআইনিভাবে আটকে রাখার মতো ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে স্পন্সর প্রতিষ্ঠানের স্টল সরিয়ে নেওয়া হয়।

ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব ছাত্রদল নেতা উপস্থিত ছিলেন, তাদের জড়িয়ে ১ জুলাই রাতে বিভিন্ন ফেসবুক গ্রুপে চাঁদাবাজির অভিযোগ ছড়িয়ে গুজব রটানো হয় বলেও দাবি করেন তারা। তাদের অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দীন তামী, ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফ, যোগাযোগ সম্পাদক জোবায়ের আলী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, জগন্নাথ হল ছাত্রদলের ভিপি পল্লব বর্মণ, জসীমউদ্দীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহেদ, যুগ্ম আহ্বায়ক মোনতাসিম বিল্লাহ হিমেল, জিয়াউর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আলম, একাত্তর হল ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস, মুজিবুর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক সাইফ আল ইসলাম দীপ, সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এবং হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক মনসুর আহমেদ রাফি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174669