বগুড়া ও রংপর ডিএনসির অভিযান চায়ের প্যাকেটে পাওয়া গেল ১২ হাজার পিস ইয়াবা, গ্রেফতার- ১
স্টাফ রিপোর্টার : রংপুরে এস.এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ডিএনসি বগুড়া ও ডিএনসি রংপুর এর সদস্যরা আজ বুধবার (১ জুলাই) দুপুরে সেখানে যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। ইয়াবাগুলো চায়ের প্যাকেটের মধ্যে বিশেষ কায়দায় লুুকিয়ে রাখা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয় সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রংপুরে এস.এ. পরিবহন (প্রা:) লি: অফিসে একটি ইয়াবার পার্সেল নিয়ে একজন অবস্থান করছে এমন তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমানের নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুর এর উপপরিচালক মো: আবুজাফরসহ একটি যৌথ টিম মাঠে নামে।
এরপর যৌথ টিমটি রংপুর মহানগরের কোতয়ালী মেট্রোর কামাল কাছনা এলাকার সাতমাথায় জে.এল. রায় রোডে এস. এ. পরিবহন (প্রা:) লি: এর ভিতরে অভিযান চালায়। অভিযানকালে সেখানে দাঁড়িয়ে থাকা মাদক কারবারি মোঃ মুনছুর মন্ডল ওরফে বুদার হাতে থাকা প্লাস্টিকের একটি বস্তা আটক করে। এরপর এতে তল্লাশি করে বস্তার ভেতরে চা পাতা ও ধনিয়া সংমিশ্রিত প্যাকেটে রাখা ১২ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় তার বিরুদ্ধে রংপুর কোতয়ালী মেট্রো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিদর্শক মো: তাহিদুল আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মুনছুর মন্ডল ওরফে বুদা (৫০) রংপুরের পীরগঞ্জ থানার কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে। মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174654