চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নিখোঁজ প্রবাসীর মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নিখোঁজ প্রবাসীর মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে জাল দিয়ে মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুবাই প্রবাসী যুবকের মরদেহ ২৬ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। ওই যুবক চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার রুহুল আমীনের ছেলে সাকিরুল হক (৩৩)।

জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দুই বন্ধুকে নিয়ে শহরের রেহাইচর মহানন্দা রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাকিরুল। হাতে জালের দড়ি পেঁচানো অবস্থায় প্রচন্ড স্রোতের তোড়ে তলিয়ে যান তিনি।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ হবার স্থানে প্রচুর স্রোত থাকায় মরদেহ নামোনিমগাছি এলাকায় ভেসে ওঠে। পরবর্তীতে আজ বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ স্টেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174645