ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) তাদের উদ্ধার করা হলে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির তিন শিক্ষার্থী সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি, বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা, রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ এবং অষ্টম শ্রেণির আকালু দেবনাথের মেয়ে সুজুতি রাণী দেবনাথ।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চার শিক্ষার্থী একসাথে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্ন্নেহাশীষ কুমার দাস জানান, সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য একটি বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174643