গাইবান্ধায় নাতির ধারালো অস্ত্রের কোপে দাদি নিহত, আটক ১

গাইবান্ধায় নাতির ধারালো অস্ত্রের কোপে দাদি নিহত, আটক ১

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: পারিবারিক বিরোধের জেরে নাতির ধারালো পাট কাটা ধারালো অস্ত্রের কোপে দাদি ফেরোজা বেগম(৫৫) নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী আব্দুল করিম ভেটু (৭০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত নাতি শাকিল আহম্মেদকে (২০) পুলিশ আটক করেছে। আজ বুধবার (১ জুলাই) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরোজা বেগম আহত আব্দুল করিম ভেটুর দ্বিতীয় স্ত্রী। আটক শাকিল আহম্মেদ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আব্দুল করিম ভেটুর নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (১ জুলাই) দুপুরে শাকিল আহম্মেদ, তার বাবা রফিকুল ইসলাম এবং দাদা আব্দুল করিম ভেটু বাড়ির পাশের একটি জমিতে পাট কাটছিলেন। এসময় ফেরোজা বেগম সেখানে গেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাকিলের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে শাকিলের হাতে থাকা ধারালো পাট কাটা ধারালো অন্ত্র দিয়ে ফেরোজা বেগমকে এলোপাতাড়ি কোপানো হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আব্দুল করিম ভেটুকেও একই অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে ফেরোজা বেগম মারা যান।

আহত আব্দুল করিম ভেটু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল আহম্মেদকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও জব্দ করেছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, পরিবারটির মধ্যে দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিরোধের প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করছে পুলিশ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174638