সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন, গ্রেফতার ২
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে দুই স্কুল ছাত্র নিখোঁজের ২০দিন অতিবাহিত হলেও এখনও কোন সন্ধান মেলেনি। নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশ নড়েচড়ে বসেছে, পুলিশ রাকিব ও রাহিম নামক ২জনকে গ্রেফতার করেছে। এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য।
জানা যায়, গত ১১ জুন একই গ্রামের দুই কিশোর রাকিব ও রাহিম এই দু’জন মিলে আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। সেই থেকে খুকনী রহমত খোলার মো: শামীমের ছেলে মো: আব্দুল্লাহ (৯) ও দৌলতপুর সামান্য পাড়ার মো: খোরশেদের ছেলে মো: আফসার (১০) নিখোঁজ হয়।
রাকিব ও রাহিম নামে এই দুই কিশোর ঢাকাতে অবস্থান করছিল খোঁজ পেয়ে আব্দুল্লাহর বাবাসহ আত্মীয়স্বজন তাদেরকে গত ১৩ জুন ঢাকা থেকে উদ্ধার করে খুকনীতে নিয়ে আসে। এখবর পেয়ে মো: হালিম ও সেলিমের নেতৃত্বে ১৪-১৫জন এসে রাকিব ও রাহিমকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ওইদিনই আব্দুল্লাহ’র বাবা মো: শামীম হোসেন গত ১৩ জুন বাদি হয়ে থানায় মামলা করলে ওই দু’জনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোর্টে চালান দেয়া হয়।
উল্লেখ্য, এ বিষয়ে গত ২১জুন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, খুকনী ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিএনপি নেতা লিয়াকত হোসেন লাবু ও থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ হাসান মোল্লাসহ নিখোঁজের বাবা, মা ও শিক্ষার্থীরা।
গ্রেফতারকৃত রাকীব ও রাহিমকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাদের সাথে হাসু নামক একজন ছিল বলে তারা স্বীকারোক্তি দেয়। পুলিশ মো: হাসুকে গ্রেফতার করে থানায় এনে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়।
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, দুই শিশু নিখোঁজের মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174629