কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের মামলার মূল আসামি গ্রেপ্তার
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, কাটাবিল এলাকায় ২৪ জুন রাত থেকে মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে ২৫ জুন দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেশজুড়ে আলোচনা সৃষ্টি করলে পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।
এর আগে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার জড়িত চারজনকে গ্রেফতার করা হয় এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূলহোতা ও অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ওরফে অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করতে কিছুটা সময় লাগে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষীপুর জেলায় অভিযান চালিয়ে বুধবার ভোর প্রায় ৩টার দিকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম বলেন, আবু হানিফ ওরফে অপুর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ইথান গুলিবিদ্ধের ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174617