সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় মসজিদের খতিব নিহত

সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় মসজিদের খতিব নিহত

নোয়াখালীর সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন।

আজ বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা মডেল মসজিদে ফজরের নামাজ পরিচালনার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।  এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চরজব্বর থানার ওসি মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/174597